বগুড়ার শাজাহানপুরে ময়লার ভাগাড় থেকে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বগুড়া রেশম বীজাগারের তুতবাগান সংলগ্ন শেরপুর রোডের পাশের একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানাধীন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নিয়ামান নাছির জানান, আঞ্জু বেগম (৩২) নামে এক নারী নিয়মিত ওই ময়লার ভাগাড় থেকে ময়লা সংগ্রহ করেন। সোমবার বিকেলে ময়লা সংগ্রহের সময় তিনি একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশুর মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি পথচারীদের জানান।
পথচারীদের একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, নবজাতকটির পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









