বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল পারভেজ।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা পাওয়ার আনন্দের সঙ্গে শিক্ষক দিবসে প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসায় বরণ করে নেওয়ার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে এবং ভালোবাসার উষ্ণতায় তাদের প্রিয় প্রধান শিক্ষককে বরণ করে নেয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের এমন ভালোবাসায় মুগ্ধ প্রধান শিক্ষক রাসেল পারভেজ বলেন, "একজন শিক্ষকের জন্য শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মানই সবচেয়ে বড় প্রাপ্তি। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান দায়িত্ব। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবেন।"
উল্লেখ্য, এর আগে রাসেল পারভেজ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেন। সেই অর্জনের আনন্দের সঙ্গে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় বরণ করে নেওয়ার ঘটনা তাঁর জন্য বিশেষ স্মরণীয় হয়ে থাকল।
শিক্ষক দিবসে শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও শ্রদ্ধা একজন শিক্ষকের প্রতি তাদের গভীর আবেগ, সম্মান ও কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









