ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও এক বাসযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে একটি অজ্ঞাতনামা গাড়ি পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন ( ৪০) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি ঢাকার শাহবাগ এলাকায়।
এর কিছুক্ষণ পর একই দিক থেকে আসা লিটন ট্রাভেলসের চালক দুর্ঘটনাস্থল দেখতে গাড়ির গতি কমিয়ে দেয়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে ধাক্কা দেয়। এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম (৪৭) আহত হন। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত নজরুল ইসলামকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









