সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি কে. এম. আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. আসলাম আলী, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আসলাম আলী বলেন, ‘‘একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মাদক কেবল একটি অপরাধ নয়, এটি জীবনের সব স্বপ্ন ধ্বংসের মরণফাঁদ।’’
তিনি আরও জানান, সলঙ্গা থানা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে এবং কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।
সভায় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মাদকমুক্ত এবং অপরাধমুক্ত পরিবেশ গঠনে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









