পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে স্বপন মিয়া (৫০) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর চার বছরের শিশুসন্তান গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটির হাতে নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদ। এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে স্বপন মিয়া কাঠবোঝাই ভ্যান নিয়ে একটি ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারান। এ সময় ভ্যানটি পাশের খালের খাদে পড়ে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভ্যানে থাকা তাঁর চার বছরের শিশুসন্তানও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
স্বজনরা জানান, প্রায় আট মাস আগে শিশুটির মা তিন সন্তান ও স্বামীকে রেখে অন্যত্র চলে যান। এরপর থেকে স্বপন মিয়া নিজেই চার বছরের শিশুটিকে সঙ্গে নিয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং স্ত্রীর রেখে যাওয়া ঋণের কিস্তি পরিশোধ করতেন। তাঁর অপর দুই ছেলের বয়স যথাক্রমে ১২ ও ৮ বছর। বাবার আকস্মিক মৃত্যুতে তিন সন্তানই এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এবং ছোট শিশুটির চিকিৎসায় দিশেহারা পরিবারটি সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছে।
শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন:
অভিভাবক (ছোট চাচা): সাদ্দাম
বিকাশ (পার্সোনাল): ০১৬৭৬৭৩৬০১৭
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদ বলেন, দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো এবং শিশুটির গুরুতর আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে নগদ ৪০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। শিশুটির চিকিৎসা ও পরিবারের দুর্দশার বিষয়টি বিবেচনা করে ভবিষ্যতেও তাদের পাশে থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









