কুষ্টিয়ায় নিরপরাধ ব্যক্তিদের ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র দিয়ে ফাঁসানো, মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে ‘ভুক্তভোগী পরিবার’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন গ্রেপ্তার মো. আব্দুল্লাহর স্ত্রী মিথিলা খাতুন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেপ্তার আরিফুল ইসলাম আরিফের ভাগ্নে ইতি খাতুন। এ সময় আরিফুলের স্ত্রী বেবি খাতুন, বড় ভাবি মিনারা খাতুন ও আব্দুল্লাহর স্ত্রী মিথিলা খাতুন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে তারা জানতে পারেন কুমারখালীর শালঘর মধুয়া গ্রামের হাসেম আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দূর্বাচারা গ্রামের রাহাদ আলীর ছেলে মো. আব্দুল্লাহকে (২৮) জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। পুলিশের দাবি, তাদের কাছ থেকে দুটি পিস্তল ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পরিবারের দাবি, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তাদের ভাষ্য, আটকের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ডিবি পুলিশ যখন দুজনকে আটক করে তখন তাদের কাছে কোনো অস্ত্র বা অবৈধ বস্তু ছিল না। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র ও গুলি উদ্ধারের সাজানো ঘটনা দেখিয়ে মামলা দেওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের জেরে একটি মহল স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশ করে তাদের হয়রানি করছে। এর আগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও আটকের ঘটনা ঘটলেও আদালত থেকে জামিন পেয়েছেন। সম্প্রতি চার মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তারা স্বাভাবিক জীবনযাপন করছিলেন।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, অস্ত্র না থাকা সত্ত্বেও কীভাবে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হলো, নিরপেক্ষ তদন্ত হলেই তা বেরিয়ে আসবে।
তারা আরিফুল ও আব্দুল্লাহর বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্ত, তাদের মুক্তি এবং ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









