বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেছেন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (কেবি কলেজ) দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও গর্বের প্রতিষ্ঠান। এত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশের কলেজ বাংলাদেশে খুব কমই রয়েছে। এখানে সবসময় চমৎকার পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়।
রোববার (২২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কেবি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ২০২৪ সালের আগে ফ্যাসিবাদের সময় কলেজটির অবস্থা ভালো ছিল না। তবে ইতিমধ্যে সেই পরিস্থিতির উত্তরণ ঘটেছে। বর্তমান অধ্যক্ষের প্রচেষ্টায় কলেজটি আবারও স্বমহিমায় ঘুরে দাঁড়িয়েছে। শ্রেণিকক্ষের পাঠদান ও শ্রেণিকক্ষের বাইরের বিশেষ কাউন্সিলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হয়েছে, যার প্রতিফলন সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে।
তিনি আরও বলেন, আগামী দিনে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে কেবি কলেজ জাতীয় পর্যায়েও আরও ভালো করবে বলে আমরা আশা করি।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আলীম এবং কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, কেবি কলেজের ভালো ফলাফল কোনো জাদুকরি ছোঁয়ার ফল নয়। গতানুগতিক শিক্ষার বাইরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মধ্য দিয়েই এ সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম, আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরির ব্যবহার, নিয়মিত ক্লাসে উপস্থিতি, বিশেষ অনুশীলন, অভিভাবকদের সহযোগিতা এবং গভর্নিং বডির সার্বক্ষণিক দিকনির্দেশনা এ সাফল্যের মূল ভিত্তি।
তিনি বলেন, আজকের এ অর্জন আমাদের সক্ষমতার প্রমাণ এবং ভবিষ্যতের জন্য নতুন প্রতিশ্রুতি।
অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে নবীনবরণ উপলক্ষে প্রায় ১ হাজার ৮০ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। নতুন শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনের অঙ্গীকার ব্যক্ত করেন নবীন শিক্ষার্থীরাও।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








