কিশোরগঞ্জের কটিয়াদীতে সাত বছরের এক শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে প্রিয়া (৩৫) নামে এক নারীকে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে উৎসুক জনতার সঙ্গে হট্টগোলের ঘটনা ঘটে। এতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কটিয়াদী পৌরসভার বেথইর এলাকায় এ ঘটনা ঘটে। আটক প্রিয়া বাজিতপুর উপজেলার দিঘীরপাড় গ্রামের টিপু মিয়ার স্ত্রী। উদ্ধার হওয়া শিশু ইলমা খাতুন (৭) মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের জামাল মিয়া ও ফাতেমা বেগমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বেথইর এলাকায় ইলমা খাতুনকে নিয়ে যাওয়ার সময় প্রিয়ার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে কটিয়াদী থানার একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে শিশু ও ওই নারীকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে।
এ সময় সেখানে জড়ো হওয়া উৎসুক জনতার সঙ্গে পুলিশের হট্টগোল হয়। স্থানীয়দের হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত এবং এসআই মাসুদ, কনস্টেবল আল-আমিন ও আতাউর আহত হন বলে স্থানীয় সূত্র দাবি করেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশু ও আটক নারীকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে পুলিশের সঙ্গে হামলা বা সংঘর্ষের ঘটনা অস্বীকার করেছেন সহকারী পুলিশ সুপার (কটিয়াদী সার্কেল) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘‘উৎসুক জনতা ওই মহিলার ওপর আক্রমণের চেষ্টা করেছিল। আমরা তাকে নিয়ে চলে আসি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









