বরগুনার সোনারবাংলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে সামনে থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তাওহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুত্বর আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) বিকালে বরগুনা-বেতাগী সড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেটকাটি গৌরীচন্না এলাকা থেকে বরগুনা শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশার যাত্রী তাওহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুই যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবলু নামের এক আহত ব্যক্তির অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাত হাসনাইন পারভেজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









