জমিদার আমলের নাট্যচর্চা থেকে শুরু করে সিনেমার রঙিন পর্দা গৌরীপুরের প্রায় শত বছরের ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক ‘ঝলমল সিনেমা হল’ ভয়াবহ আগুনে পুড়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ঐতিহাসিক ভবনটির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারের গুদাম, ফার্নিচার কারখানা, লাইটিং ও ডেকোরেটরের মালামাল এবং সামনে থাকা ড্রাইভার শ্রমিক ইউনিয়নের কার্যালয় পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা পৃথকভাবে লাখ থেকে কোটি টাকার ক্ষতির দাবি করেছেন। প্রায় ২০ বছর ধরে এই হলে সিনেমা প্রদর্শন বন্ধ রয়েছে। এরপর ভবনটির বিভিন্ন অংশ গুদাম ও ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে ভাড়া দেওয়া হয়। এর একটি অংশে এলপিজি গ্যাস সিলিন্ডারের গুদামও ছিল।
তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাস সিলিন্ডারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তানভীর এলপিজি স্টোরের মালিক তানভীর আহমেদ জানান, সিনেমা হলের একটি অংশ ভাড়া নিয়ে প্রায় তিন বছর ধরে তিনি গ্যাস সিলিন্ডারের গুদাম হিসেবে ব্যবহার করছিলেন। আগুন লাগার আগের রাতে ২৫০টি গ্যাসভর্তি সিলিন্ডারের একটি নতুন চালান আসে।
তিনি বলেন, আগুনে গুদামে রাখা সব সিলিন্ডার ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে তার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সিনেমা হল ভবনের ভেতরে থাকা ফার্নিচার কারখানার মালিক তাজউদ্দীন ভূট্টো জানান, আগুনে তার কাঠ, নির্মাণাধীন আসবাবপত্র ও বিভিন্ন মেশিনারিজ পুড়ে গেছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। লাইটিং ডেকোরেটর ব্যবসায়ী বকুল ইসলাম জানান, আগুনে তার বেশ কয়েকটি বৈদ্যুতিক জেনারেটরসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।
ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মজনু মিয়া বলেন, সিনেমা হলের মূল ভবনের সামনে তাদের কার্যালয় ছিল। আগুনে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. খবিরুল আলম জানান, খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিট এসে অভিযানে যোগ দেয়। পাঁচটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









