ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করার বিষয়ে আশাবাদ জানালেও দেশটির সঙ্গে একটি চুক্তি করতে তিনি খুব একটা আগ্রহী নন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার টেক্সাসের সান আন্তোনিওতে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ইরান যুদ্ধ বন্ধ করতে যেকোনো প্রস্তাব দিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি আবারও সতর্ক করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
ট্রাম্প বলেন, ইরান নিয়ে আলোচনায় তার বিশেষ দূত স্টিভ উইটকফ ভালো কাজ করছেন। তিনি উইটকফকে ‘দারুণ আলোচক’ হিসেবে উল্লেখ করে বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তবে ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে নিজের অনাগ্রহের কথা স্পষ্ট করে ট্রাম্প বলেন, “চুক্তিটি আসলে এমন কিছু নয়, যা আমি করতে চাই। কিন্তু তারা যুদ্ধ বন্ধ করতে আমাদের যেকোনো কিছু দিতে প্রস্তুত।”
ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ “খুব শিগগিরই” শেষ হবে। তিনি ইরানকে একটি “ব্যর্থ রাষ্ট্র” হিসেবেও বর্ণনা করেন।
এদিকে, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সম্ভাব্য পরিকল্পনা তৈরি করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সময়ে দেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়।
এরপর পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে। এর লক্ষ্য ছিল সংঘাত বন্ধ করা এবং পরবর্তী আলোচনার পথ তৈরি করা।
তবে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও নৌ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে ওই সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া এখনো থমকে আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









