চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা লেগে খোরশেদ আলম (৩২) নামের এক দুবাই-প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাঁর স্ত্রী রায়সা ওসমান (১৮) গুরুতর আহত হয়েছেন।
গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেল চারটার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পৌরসভার কবি নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দলই নগর গ্রামের খায়ের আহমেদের পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র দুই মাস আগে হাটহাজারী উপজেলার মইন্যাপুকুর এলাকার রায়সা ওসমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। আগামী ১৪ অক্টোবর ছুটি শেষে তাঁর কর্মস্থল দুবাইয়ে ফিরে যাওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রীকে নিয়ে রাউজান পৌরসভার নন্দনপার্ক কমিউনিটি সেন্টারে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খোরশেদ। অনুষ্ঠান শেষে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথিমধ্যে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের কবি নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই খোরশেদের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় খোরশেদের স্ত্রী রায়সা ওসমানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজান জানান, অতিরিক্ত গতির কারণেই বাইকটি বাঁকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









