ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পোস্টটিতে গেরুয়া বসনধারীদের উদ্দেশে লেখা কয়েকটি পঙ্ক্তিকে ক্ষমতাসীনদের প্রতি বিদ্রূপাত্মক মন্তব্য হিসেবে দেখছেন অনুরাগী ও নেটিজেনদের একাংশ। তবে পোস্টটির মাধ্যমে শিল্পী ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।
অরিজিৎ সিং কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন, তা নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনা নিয়েও একাধিকবার নিজের মত প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। দিল্লিতে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলা, নিজ দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমালোচনা এবং বাংলাভাষীদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানোর মতো বিষয়েও সরব হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, অরিজিৎ সিং এসব বিষয়ে নিজের একটি ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। সেই অ্যাকাউন্টের সাম্প্রতিক একটি পোস্টকে কেন্দ্র করেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
দীর্ঘদিন ধরেই জল্পনা রয়েছে, রাজনীতিতে যোগ দিতে পারেন এই সংগীতশিল্পী। এর মধ্যে তার সাম্প্রতিক পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
‘হু অ্যাম আই’ নামের ওই অ্যাকাউন্ট থেকে অরিজিৎ সিং লেখেন, ‘হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান। গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।’
ভারতীয় গণমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী, এই পোস্টের পর থেকেই অরিজিতের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়। অনুরাগী ও নেটিজেনদের একটি বড় অংশের ধারণা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদ্রূপ করতেই এমন মন্তব্য করেছেন তিনি। সাম্প্রতিক নির্বাচন, নির্বাচনের ফলাফল এবং নির্বাচন কমিশনকে ঘিরে চলমান বিতর্কের সঙ্গে পোস্টটির সম্পর্ক রয়েছে বলেও মনে করছেন কেউ কেউ।
ভারতীয় রাজনীতি ও সংবাদমাধ্যমে ‘গেরুয়া শিবির’ বলতে সাধারণত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং নরেন্দ্র মোদির দলকে বোঝানো হয়। দলটির পতাকা, আদর্শ ও প্রচারণায় গেরুয়া রঙের ব্যবহার থাকায় রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমে বিজেপিকে প্রায়ই এই নামে উল্লেখ করা হয়। দীর্ঘদিন ধরে ভারতের কেন্দ্রীয় ক্ষমতায় রয়েছে দলটি।
তবে অরিজিৎ সিংয়ের পোস্টটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সাম্প্রতিক ঘটনার উদ্দেশে করা হয়েছে কি না, সে বিষয়ে তার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্যের উল্লেখ নেই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









