সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মোহাম্মদ ফজলুর রহিম ওরফে কাজল (৫২) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
নিহত ফজলুর রহিম ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মোহাম্মদপুর (কাকিয়াম) গ্রামের বাসিন্দা। তিনি অবসরের পর নওধার সৌরবিদ্যুৎ প্লান্টে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন ফজলুর রহিম। এরপর তিনি আর বাড়ি ফেরেননি এবং তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তাঁর ছেলে মারুফ হাসান রনক ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, নিখোঁজ হওয়ার দিন দুপুর আড়াইটার দিকে এক আত্মীয় তাঁকে ধর্মপাশামুখী অটোরিকশায় দেখেছিলেন।
এদিকে শুক্রবার সকালে মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। মোহনগঞ্জ থানা–পুলিশ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









