নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করা এবং মাছের শুটকি চাতাল তৈরির জন্য মাঠ ভাড়া দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কিশোর ও যুবকেরা। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাটসংলগ্ন বন্ধ মাঠে এ কর্মসূচি পালিত হয়। এতে অন্তত অর্ধশতাধিক কিশোর, তরুণ ও এলাকার যুবকেরা অংশ নেন। অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনিছুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবগাড়ী বাজারসংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সরকারি নিবন্ধন না থাকায় গত ৪-৫ বছর ধরে এর শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বিদ্যালয়সংলগ্ন মাঠটিতে দীর্ঘদিন ধরে এলাকার কিশোর ও যুবকেরা খেলাধুলা করে আসছিল। সম্প্রতি আত্রাই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ওই মাঠের জমিদাতারা জায়গাটি মাছের শুটকি তৈরির চাতাল বানানোর জন্য ভাড়া দিয়েছেন। এর ফলে গত ১৫ দিন ধরে কিশোর-তরুণদের খেলাধুলা বন্ধ রয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাদনান ও নবম শ্রেণির ইমন হোসেন জানায়, বিদ্যালয় ছুটির পর সহপাঠীদের সঙ্গে তারা এই মাঠে খেলাধুলা করত। কিন্তু হঠাৎ খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় তারা হতাশ।
কলেজছাত্র রানা আহমেদ, নাইস ইসলাম ও নাইম হোসেন বলেন, এলাকাটি এমনিতেই একটু পিছিয়ে পড়া ও মাদকপ্রবণ। সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ না থাকায় নতুন প্রজন্মের কিশোর-তরুণদের বিপথগামী হওয়ার শঙ্কা রয়েছে। তাই অবিলম্বে মাঠটি উন্মুক্ত করার জন্য তারা স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা ক্রীড়া সংগঠক মিজানুর রহমান বলেন, শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। সরকারের নীতিমালার আলোকেও খেলার মাঠ সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। অবিলম্বে বিষয়টি আমলে নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
অভিযোগের বিষয়ে পরিত্যক্ত বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওয়াজকুরুনী বলেন, বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকলেও মাঠটি উন্মুক্ত রয়েছে এবং কাউকেই খেলাধুলায় বাধা দেওয়া হয় না। তবে বর্ষায় শুটকি শুকানো এবং শুকনো মৌসুমে ভুট্টা শুকানোর জন্য মাঠের কিছু অংশ প্রাইভেট জমির মালিকরা ভাড়া দিয়ে থাকেন, যা সাময়িক অসুবিধার সৃষ্টি করে।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, “বিদ্যালয়ের কোনো জায়গা কারো ভাড়া দেওয়ার এখতিয়ার নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









