নরসিংদীর রায়পুরায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসে অনেকেই ঘুরে দেখার পাশাপাশি নিজেদের পছন্দের পণ্যসামগ্রী কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।
গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে রায়পুরা পৌরসভা মাঠে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা।
রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, “কুটির শিল্প ও পণ্য মেলা স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করে। এ ধরনের আয়োজন ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
মাসব্যাপী এ মেলায় কুটির শিল্পের বিভিন্ন পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদর্শন ও বিক্রির আয়োজন করা হয়েছে। মেলার আয়োজক মো. দুলাল মিয়া জানান, উদ্বোধনের দিন থেকেই নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা আয়োজকদের উৎসাহিত করছে। মাসব্যাপী এই মেলা রায়পুরার মানুষের বিনোদন ও কেনাকাটার অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনছুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও নাজমুল হক ভূঁইয়া মোহন এবং রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সীসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









