ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে বহনকারী উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই সেখানে ঢুকে পড়ে পুলিশ। যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগেই তাঁকে আটক করা হয়েছে।
পুলিশ উড়োজাহাজে প্রবেশ করার সময় ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে যান দিপকে। তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতর থেকে দিপকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।
দিপকের পোস্ট করা ভিডিওতে উড়োজাহাজের ভেতরে হইচই হতে দেখা যায়। সিজেপির সদস্যরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন। উড়োজাহাজ থেকে যাত্রীদের নেমে আসা পর্যন্ত অপেক্ষা না করে কেন পুলিশ তাঁদের আটক করতে এসেছে, সে প্রশ্ন তোলেন তাঁরা।
ভিডিওতে দিপকেকে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।’
এছাড়াও দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে রত্না সিংকে আটক করেছে পুলিশ। তিনি ককরোচ জনতা পার্টির (সিজেপি) আইনি–বিষয়ক প্রধান। সিজেপির পক্ষ থেকে আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে রত্নার আটক হওয়ার বিষয়টি জানানো হয়েছে।
এদিকে জনপ্রিয় আধেয় নির্মাতা (কনটেন্ট ক্রিয়েটর) কাব্য কর্ণাটককেও আটক করার কথা জানা গেছে। তিনি ‘কেকে ক্রিয়েট’ নামে অনলাইনে পরিচিত। সংবাদমাধ্যম এএনআই জানায়, দিল্লির উপকণ্ঠে ধাউলা কউন এলাকা থেকে কাব্যকে আটক করেছে পুলিশ।
বিক্ষোভ শুরুর আগেই হার মেনেছেন মোদি: যন্তর মন্তরে আজ শনিবারের বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। দিল্লি যাওয়ার পথে নিরাপত্তাব্যবস্থা জোরদার ও কড়া বিধিনিষেধ আরোপ করায় সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিজিৎ দিপকে লিখেছেন, ‘আমাদের বিক্ষোভ শুরুর আগেই মোদি পরাজয় মেনে নিয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় এবং দিল্লি অচল করে দেওয়ার পদক্ষেপ শক্তির লক্ষণ নয়; বরং এমন নেতার লক্ষণ, যিনি নিজের জনগণকেই ভয় পান।’
তথ্যসূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









