পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া থেকে সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁ অভিমুখী গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চরম বেহাল দশায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য বড় বড় ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন যাতায়াতকারী লাখো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এলাকাবাসীর তথ্যমতে, সড়কটি ভাঙ্গুড়া উপজেলার অন্যতম প্রধান যোগাযোগপথ। উপজেলা পরিষদ, থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি-বেসরকারি কলেজ, বিভিন্ন স্কুল-মাদ্রাসা, এনজিও এবং ভাঙ্গুড়ার হাটবাজারসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতে এই সড়কটি ব্যবহার করতে হয়। এছাড়া খানমরিচ, অষ্টমনিষা ও দিলপাশার ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে ভাঙ্গুড়া উপজেলা ও পাবনা জেলা সদরে যাতায়াত করেন।
সড়কের বেহাল দশার কারণে প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী পরিবহনে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। মাঝেমধ্যেই যানবাহন বিকল হয়ে অতিরিক্ত সময় ও অর্থ অপচয় হচ্ছে সাধারণ মানুষের।
এ বিষয়ে সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলের এলজিআরডির ডেপুটি ডিরেক্টর মমিন মজিবুল হক সমাজী জানান, সড়কটির কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, “সড়কটির কাজ শুরু করার নির্দেশনা সম্পর্কে আমরা অবগত আছি। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









