জামালপুর ৩৫ বিজিবির বিশেষ অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যের চর ও চর নতুন বন্দর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর-৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা ১০৭৮ নম্বর সীমান্ত পিলারের কাছে মধ্যের চর এলাকায় অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
একই রাতে পৃথক আরেকটি অভিযানে বাংলা বাজার বিওপির সদস্যরা ১০৬৫ নম্বর পিলারের কাছে চর নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে আরও ২২ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দের ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









