প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের অর্থ ও কর্মসম্পাদন ব্যবস্থাপনা অধিশাখার যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বীজ অর্থায়ন বিভাগের পরিচালক। মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার উপসচিব কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে, পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় চাকরিপ্রার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। পরে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়।
১১তম গ্রেডের এই পদের নিয়োগ পরীক্ষা শনিবার বেলা ১১টায় রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









