শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বেড়েছে নারকেলের বেচাকেনা। পূজার প্রসাদ নারকেলের নাড়ু সন্দেশ তৈরি এবং আত্মীয় স্বজনের আপ্যায়নে নারকেলের ব্যবহার থাকায় বাজারে এর চাহিদা বেড়েছে। তবে গত বছরের তুলনায় এবার নারকেলের দাম কম বলে জানিয়েছেন বিক্রেতারা।
দুর্গাপূজাকে কেন্দ্র করে পাঁচবিবির বাজারে নারকেলের বেচাকেনা জমে উঠেছে। বিক্রেতারা বিক্রি বাড়ার প্রত্যাশা করছেন আর ক্রেতাদের চাওয়া পূজার আগে নারকেলের দাম যেন নাগালের মধ্যে থাকে।
বাজারে নারকেল কিনতে আসা শ্রী নীতিল চন্দন বর্মন ক্রেতা বলেন, আর এক সপ্তাহ পর দুর্গাপূজা। পূজার জন্য নারকেলের নাড়ু তৈরি করতে ছয়টি নারকেল কিনবেন। দাম গত বছরের তুলনায় কিছুটা কমলেও আরও কম হলে তাঁদের জন্য সুবিধা হতো।
আরেক ক্রেতা বিষ্ণু বলেন, পূজায় আত্মীয় স্বজনের আপ্যায়ন এবং দেবী দুর্গার ভোগ তৈরিতে নারকেল প্রয়োজন হয়। গত বছরের তুলনায় এবার দাম কিছুটা কম থাকায় স্বস্তি পাচ্ছি।
নারিকেল বিক্রেতা ফরহাদ খন্দকার জনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে নারকেলের বিক্রি ভালো হচ্ছে। খোসা ছাড়ানো ও গোটা দুই ধরনের নারকেলেরই চাহিদা রয়েছে। প্রতিদিন আনুমানিক পাঁচ থেকে সাত হাজার টাকার নারকেল বিক্রি হচ্ছে। পূজার সময় যত ঘনিয়ে আসবে বিক্রির পরিমাণ তত বাড়বে। গত বছর মানভেদে প্রতিটি নারকেল বিক্রি হয়েছে ১০০ থেকে ১৩০ টাকায়। এ বছর তা কমে ৯০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশের যশোর, ভোলা, বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে এসব নারকেল বাজারে সরবরাহ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









