নওগাঁর সাপাহারে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের ঝুঁকি কমাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে বিলের দুই পাশে ব্যাপকভাবে তালবীজ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জবই বিলের আওতাধীন ডুমরইল বিলের ঘাট সংলগ্ন সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে এসব তালবীজ রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিল এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা ও শিক্ষক সোহানুর রহমান সবুজ বলেন, “জবই বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পিত বনায়ন করে আসছি। উঁচু তালগাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি আবাসিক পাখির নিরাপদ আবাসস্থল ও বংশবিস্তারে সহায়তা করে। পাশাপাশি বজ্রপাতের হাত থেকে মানুষের মূল্যবান জীবন রক্ষায় তালগাছের ভূমিকা অপরিসীম।”
জবই বিলকে একটি পরিবেশবান্ধব ও দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে সংস্থার প্রধান নির্বাহী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শক্রমে এই বিলের সার্বিক উন্নয়নে ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী উদ্যোগ নেওয়া হবে।
সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা বলেন, “আমাদের এই উদ্যোগের সুফল যেন আগামী প্রজন্ম ভোগ করতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমরা সরকারের পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে কাজ করে যাচ্ছি।”
সংস্থার সভাপতি ফাহাদ ফরহাদ ও সাধারণ সম্পাদক কারিম বিল এলাকায় এ ধরনের ‘সবুজ অভিযান’ অব্যাহত রাখার ঘোষণা দেন। কর্মসূচিতে সংস্থার সহযোগী ও স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জবই বিলের প্রাকৃতিক ভারসাম্য ও সৌন্দর্য বজায় রাখতে তাদের এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









