নওগাঁর আত্রাইয়ে দীর্ঘ দিন ধরে চর্মরোগ, শরীর ও টিউমার-সিস্টে আক্রান্ত অসহায় কোহিনূর বেগমের (৩৫) চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
কোহিনূর উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিপ্রবোয়ালিয়া গ্রামের মোজাহারের স্ত্রী। তাঁর দুই সন্তানের মধ্যে একজন প্রতিবন্ধী। পারিবারিক চরম অসহায়ত্বের মধ্যে স্বামী প্রায় দুই বছর ধরে বাড়িছাড়া এবং তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই। এমন অবস্থায় চিকিৎসার অভাবে কোহিনূরের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।
অসহায় কোহিনূরের মানবেতর জীবনযাপন ও অসুস্থতার বিষয়টি সামনে আসার পর তাঁর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান তাঁর হাতে ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কোহিনূরের চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে এবং উপজেলার অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়াও কোহিনূরের চিকিৎসায় ব্যক্তিগতভাবে অর্থ সহায়তা প্রদান করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকছুদুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা শ্রী প্রসেনজিৎ কুমার তালুকদারসহ স্থানীয় অনেক মানবিক ব্যক্তি। প্রশাসনের এই উদ্যোগে কোহিনূরের পরিবার ও এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









