বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) জেলা পরিষদের আব্দুল জব্বার মিলনায়তন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও জেলা কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, ময়মনসিংহের উপপরিচালক (ডিডিএলজি) উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক সোনিয়া হাসান জিসান।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান মো. নজরুল ইসলাম। কমিটিতে সভাপতি হিসেবে কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী হৃদয় এবং অর্থ সম্পাদক বজলুল হক দায়িত্ব গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উম্মে হাবীবা মীরা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনে চলতি মাসে ময়মনসিংহ জেলা প্রথম স্থান অর্জন করেছে। সারা দেশে জেলার বর্তমান অবস্থান অষ্টম। সম্মিলিতভাবে কাজ করলে আগামীতে পঞ্চম স্থানে উন্নীত হওয়া সম্ভব।
তিনি কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত থাকা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসেবা নিশ্চিত করার আহ্বান জানান। প্রয়োজনে বাইরে যাওয়ার আগে বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেখে যাওয়ার পরামর্শও দেন। তিনি বলেন, প্রশাসনিক কাজে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে মিলাদ ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









