সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ভিডিও কলের আপত্তিকর কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটির অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিটি ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি বরাবর পাঠানো হয়।দলীয় সূত্রে জানা যায়, মাওলানা আব্বাস উদ্দিনের বিরুদ্ধে চারিত্রিক স্খলনসংক্রান্ত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর গত রোববার (১১ অক্টোবর) তাঁর সাংগঠনিক দায়িত্ব প্রথমে স্থগিত করা হয় এবং একই সঙ্গে ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি অধ্যাপক কামাল উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্তে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে স্থায়ীভাবে সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলা দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন মাওলানা আব্বাস উদ্দিন। তাঁর দাবি, ভিডিও কলে থাকা নারী তাঁর স্ত্রী এবং ভিডিওটি বেশ কিছুদিন আগের। কিছুদিন আগে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। ধারণা করা হচ্ছে, সেই ফোন থেকেই একটি কুচক্রী মহল তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। পুরো ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









