পাবনার ভাঙ্গুড়ায় একটি ভুয়া এনজিওর পরিচয়ে ঋণ ও টিনের ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ১ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের সাহেব মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা ‘র্যুরাল হিউম্যান এইড ফাউন্ডেশন’ নামের একটি ভুয়া এনজিওর পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে এই প্রতারণা করেন বলে অভিযোগ রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—পাবনার চাটমোহর উপজেলার জগতলা পূর্বপাড়ার মৃত ফজের আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৪৮), একই উপজেলার সাহাপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম (৩৭) এবং ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ীয়া মধ্যপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে মো. হাসিনুর রহমান শাহিন (৬২)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, অর্থ আত্মসাতের বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা ওই তিনজনকে আটক করে। পরে খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।
এ ঘটনায় পাবনার ফরিদপুর উপজেলার কালিয়ানী গ্রামের বাসিন্দা নাজমা সুলতানা (৪৭) বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। তাঁর বর্তমান ঠিকানা ফরিদপুর পৌর এলাকার আমলাপাড়া (চ্যামেলী কোয়ার্টার্স)। এজাহারের ভিত্তিতে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ভাঙ্গুড়া থানায় দণ্ডবিধির ৪০৬/৪২০/৩৪ ধারায় ৭ নম্বর মামলা রুজু করা হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিউল আজম জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









