শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে এ তথ্য জানান বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ। তিনি বলেন, ভারতের চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তসংক্রান্ত চিঠি তারা পেয়েছেন।
এ বিষয়ে স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ভারতীয় পক্ষ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আট দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা চিঠিতে জানিয়েছে। তবে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দিয়েছে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, এ সময়ে কাস্টমসের কিছু অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলবে। ২৪ অক্টোবর সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









