সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শুক্রবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে উপজেলার ৩৯টি পূজামণ্ডপে চলছে নানা প্রস্তুতি।
উপজেলা সর্বজনীন দুর্গোৎসব পূজা উদযাপন কমিটির সভাপতি বিজন কুমার দেব ও সাধারণ সম্পাদক বিভাশ দেবের নেতৃত্বে দুর্গোৎসব উদযাপনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পূজা উদযাপন কমিটির সভাপতি বিজন কুমার দেব জানান, এ বছর জগন্নাথপুর উপজেলায় মোট ৩৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৬টি সর্বজনীন এবং ৩টি পারিবারিক পূজামণ্ডপ রয়েছে। উপজেলার সবকটি পূজামণ্ডপের জন্য সরকারি অনুদান বরাদ্দ থাকবে বলেও তিনি জানান।
উপজেলার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী পূজামণ্ডপ হিসেবে পরিচিত জগন্নাথপুরের আখড়াবাড়ি পূজামণ্ডপ। প্রতিবছর এ মণ্ডপে বিপুলসংখ্যক ভক্ত, দর্শনার্থী ও পূজার্থীর সমাগম ঘটে।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। পূজা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলেও তিনি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









