রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

৪ কোটি ১০ লাখ পরিবার পাবে নগদ সহায়তা: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

৪ কোটি ১০ লাখ পরিবার পাবে নগদ সহায়তা: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্যোগ নিয়েছে। আগামী মাস থেকে সারাদেশে এ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে কার্ডধারী পরিবারগুলোর হাতে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। দেশের মোট ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্যরা এই কার্ডের মালিক হবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোকে সরাসরি আর্থিক নিরাপত্তা বলয়ে আনা হবে। নারীদের হাতে কার্ড প্রদান করার মাধ্যমে পরিবারে অর্থনৈতিক সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ আরও জোরদার হবে।” তিনি জানান, পর্যায়ক্রমে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

ভাষা আন্দোলনের চেতনার প্রসঙ্গ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, বাংলার মানুষ তার অধিকার আদায়ে কখনো আপস করেনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান, প্রতিটি সংগ্রাম প্রমাণ করে, ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আমাদের জাতীয় চেতনা। তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনই ক্ষমতায় যাওয়ার একমাত্র সাংবিধানিক পথ। জনগণের ভোটেই সরকার গঠিত হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। তিনি আরও বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে এবং কোনো গোষ্ঠী বা পক্ষকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রীয় প্রশাসন জনগণের সেবার জন্য। প্রশাসনকে কোনোভাবেই ভুল কাজে ব্যবহার করা যাবে না। পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ ও আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। বক্তব্য দেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান।

এসময় বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.