চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর চান মিয়া (৫৫) ওরফে চান্দ আলী নামের এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর বাজারসংলগ্ন মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চান মিয়া উপজেলার হাসাদহ ইউনিয়নের বালিগর্তপাড়ার মৃত জোনাব আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর থেকে চান মিয়া নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পেয়ে গত বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার সকালে শাহাপুর গ্রামের মাঠে স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরিবারের ধারণা, তাঁর ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, সকালে আনুমানিক ৯টার দিকে মাঠ থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









