মেক্সিকান ফুটবলের বিস্ময়বালক গিলবার্তো মোরা ক্যারিয়ারের শুরুতেই পেয়ে গেলেন বিশেষ এক স্বীকৃতি।
অ্যাডিডাসের ‘মেসি+১০’ প্রচারণায় বিশ্বের সেরা ১০ উদীয়মান ফুটবল প্রতিভার তালিকায় তাকে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। স্বীকৃতির পাশাপাশি মেসির কাছ থেকে বিশেষ উপহার হিসেবে এক জোড়া ফুটবল বুটও পেয়েছেন তিনি।
মেক্সিকান ক্লাব জোলোস দে তিজুয়ানার এই মিডফিল্ডার উপহার হিসেবে পেয়েছেন অ্যাডিডাসের ‘ফুটবল ই ফ্যামিলিয়া’ সংস্করণের এফ৫০ বুট। গোলাপি, সাদা ও কালো রঙের মিশ্রণে তৈরি বুটটির জিহ্বার অংশে রয়েছে মেসির আনুষ্ঠানিক লোগো।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের কাছ থেকে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি মোরা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি ও অ্যাডিডাসকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘মেসি+১০-এর অংশ হতে পারা সম্মানের। আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ লিওনেল মেসি ও অ্যাডিডাসকে। আপনার দেওয়া এই বিশেষ বুট পরে খেলা হবে স্বপ্ন সত্যি হওয়ার মতো।’
গত ১৪ অক্টোবর ১৮ বছর পূর্ণ হয়েছে মোরার। এরই মধ্যে ইউরোপের ফুটবলে তার সম্ভাব্য যাত্রা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দেওয়ার গুঞ্জনও রয়েছে তাকে ঘিরে। মেক্সিকোর জার্সিতেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন এই তরুণ ফুটবলার।
মেসির কাছ থেকে স্বীকৃতি ও বিশেষ উপহার—দুইয়ে মিলে ক্যারিয়ারের শুরুতেই স্মরণীয় এক অভিজ্ঞতা অর্জন করলেন গিলবার্তো মোরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









