দিনাজপুরের বিরামপুরে বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এতে বিভিন্ন ধরনের সবজির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। ফলে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।
বিরামপুর পৌর শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকা, বেগুন ৩০ টাকা, করলা ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, পটোল ৩০ টাকা, শিম ১২০ টাকা, মুলা ২০ টাকা, ঝিঙে ৩০ টাকা, বরবটি ৩০ টাকা ও শসা ২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। বাজারে আগাম সবজির সরবরাহ বাড়ায় ক্রেতারা আগের তুলনায় কম দামে পছন্দের সবজি কিনতে পারছেন।
বাজারে সবজি কিনতে আসা ক্রেতারা জানান, কয়েক দিন আগেও বিভিন্ন ধরনের সবজির দাম তুলনামূলক বেশি ছিল। বর্তমানে দাম কমতে শুরু করায় তাঁদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সবজির দাম আরও কমলে সাধারণ ক্রেতারা বেশি উপকৃত হবেন।
বিরামপুরের সবজি বিক্রেতা জাকির হোসেন বলেন, এক সপ্তাহ আগেও বাজারে বিভিন্ন সবজির দাম অনেক বেশি ছিল। তখন কিছু সবজি বর্তমান দামের প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়েছে। এখন বাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে। সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে।
বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আখতারুজ্জামান জানান, বিরামপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এ বছর প্রায় ৩২০ হেক্টর জমিতে আগাম সবজির আবাদ হয়েছে। এসব জমির সবজি বাজারে আসতে শুরু করায় সরবরাহ বেড়েছে এবং এর প্রভাবে দাম কমছে। সামনে আরও সবজি বাজারে উঠলে দাম আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









