শ্বাসকষ্টজনিত কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তরিকুল ইসলাম সৈকত চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার শাহাজান মিয়ার ছেলে। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সৈকত দীর্ঘদিন ধরে অ্যাজমা বা হাঁপানিজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। এর আগে কোরবানির ঈদের সময় প্যানিক অ্যাটাকের কারণে তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার রাতে মোটরসাইকেল চালানোর পর ঠান্ডা লাগায় তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। পরদিন মঙ্গলবার শারীরিক অবস্থার আরও অবনতি হলে সহপাঠী ও বন্ধুরা তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের চেষ্টার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, সৈকত শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তাঁর এমন সমস্যা হয়েছিল। মোটরসাইকেল চালানোর কারণে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট বেড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সৈকতের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় জীবননগর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সৈকতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









