সকালে বিরোধ, সন্ধ্যায় সালিশ; এরপর রাতের আঁধারে সংঘর্ষ। গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড্ডাপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুনের সঙ্গে তাঁর বিরোধ হয়। অভিযোগ রয়েছে, এ সময় আলমগীরকে মারধর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিরোধ মীমাংসার জন্য সন্ধ্যায় গ্রামে সালিশ বৈঠক বসে। তবে বৈঠকে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









