জেন্ডারভিত্তিক সামাজিক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে তরুণ-তরুণীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার লালমোহনে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) লালমোহন কাশফুল চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ৩৫ জন তরুণ-তরুণী অংশ নেন।
প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল ‘Inclusive Interactive Capacity Building Discussion on Gender Stereotypes, Digital Safety, Media Literacy and Advocacy’।
প্রশিক্ষণে জেন্ডারভিত্তিক বৈষম্য ও প্রচলিত সামাজিক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণ-তরুণীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেন্ডার সমতা প্রতিষ্ঠা, অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে তরুণ প্রজন্মের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণ-তরুণীদের মধ্যে জেন্ডার সমতা, অনলাইন নিরাপত্তা ও গণমাধ্যম সাক্ষরতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জোনায়েদ আহমেদ, সভাপতি আবু বকর ও মহিলা বিষয়ক সম্পাদক রিক্তা বেগম।
আয়োজক সূত্রে জানা গেছে, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









