লালমনিরহাটের পাটগ্রামে বিজেতা সীডস প্রাইভেট লিমিটেডের সিলগালা করা গোডাউন খুলে দেওয়া হয়েছে। পরীক্ষাগারে ভুট্টার বীজের মান সন্তোষজনক প্রমাণিত হওয়ায় ৫৫ হাজার কেজি বীজ বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে প্যাকেজিংয়ে ত্রুটি থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) রাতে পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোডাউনটি উন্মুক্ত করে দেওয়া হয়। আদালত পরিচালনা করেন পাটগ্রামের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) বরাবর দেওয়া আবেদনে জানানো হয়, গত ১২ অক্টোবর গোডাউন পরিদর্শনের সময় আমদানিকৃত ভুট্টার বীজের কাগজপত্র যাচাই করা হয়। পরে বীজ প্রত্যয়ন এজেন্সির পরীক্ষাগারের ফলাফলের অপেক্ষায় গোডাউনটি সিলগালা করা হয়েছিল।
আবেদনে আরও বলা হয়, বীজ প্রত্যয়ন এজেন্সির রংপুর আঞ্চলিক বীজ পরীক্ষাগারে গত ১৮ অক্টোবর সম্পন্ন পরীক্ষার ফলাফলে বীজের বিশুদ্ধতার হার ৯৯ দশমিক ০৫ শতাংশ এবং অঙ্কুরোদগমের হার ৯০ শতাংশ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির দাবি, এ ফলাফল জাতীয় বীজ বোর্ডের অনুমোদিত সন্তোষজনক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
কোম্পানিটির পক্ষ থেকে আরও বলা হয়, বর্তমান মৌসুমে ভুট্টা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এ সময়ে বীজ বাজারজাত করতে না পারলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষকদের পাশাপাশি প্রতিষ্ঠানটিও আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত গোডাউনটি সিলগালামুক্ত করে বীজ বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। তবে বীজ আইন, ২০১৮-এর ২৪(২) ধারায় প্যাকেজিংয়ের ত্রুটির কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস গোডাউনের উপযুক্ত আর্দ্রতা বজায় রাখা, প্যাকেজিংয়ের মান উন্নয়ন এবং শ্রমিকদের হ্যান্ড গ্লাভস ব্যবহার নিশ্চিত করাসহ অন্যান্য ত্রুটি দ্রুত সংশোধনের নির্দেশ দেন। সংশোধিত ব্যবস্থার বিষয়ে প্রতিবেদন জমা দিতেও প্রতিষ্ঠানটিকে বলা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









