চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের ওপর লরি উঠে গেলে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, কিশোরগঞ্জগামী শাপলা পরিবহনের একটি বাস কুমিরা রয়েল গেট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির চাকা পাংচার হওয়ায় মেরামতের কাজ চলছিল। এ সময় কয়েকজন যাত্রী সড়কের পাশে বসে ও দাঁড়িয়ে ছিলেন। তখন একটি লরি তাঁদের চাপা দেয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার এসআই মো. নজরুল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। আহত অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত শিশুটির নাম রাকিব। তার বয়স আট বছর। সে নেত্রকোণার মদন থানার সীবাশ্রম এলাকার আজহারুলের ছেলে। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন রাকিবের বাবা ৪২ বছর বয়সী আজহারুল এবং মা ৪০ বছর বয়সী ফাতেমা। এ ছাড়া নেত্রকোণার মদন থানার বড়কান্দা এলাকার ৫০ বছর বয়সী আবুল হোসেন ও আরও একজন আহত হয়েছেন।
ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের ফায়ার ফাইটার মো. আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছিল।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর লরিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









