কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে ভাসানো হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী সাতটি কল্পজাহাজ। বাঁশ, কাঠ, বেত ও রঙিন কাগজের কারুকাজে সাজানো এসব জাহাজে ফুটিয়ে তোলা হয়েছে হাতি, হরিণ, ঘোড়া, পঙ্খীরাজ, হাঁস-ময়ূরসহ নানা প্রাণী ও ধর্মীয় স্থাপনার অবয়ব। বৌদ্ধ কীর্তন, গান ও বাদ্যযন্ত্রের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। ঐতিহ্যবাহী এ আয়োজনের মধ্য দিয়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন আয়োজকেরা।
শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সোমবার বিকেলে রামু সদরের চেরাংঘাটা এলাকায় বাঁকখালী নদীতে এ উৎসবের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন বৌদ্ধবিহার থেকে তৈরি করে আনা সাতটি কল্পজাহাজ একে একে নদীতে ভাসানো হয়। উৎসব দেখতে নদীর দুই তীরে জড়ো হন হাজারো মানুষ।
কল্পজাহাজগুলো ছিল নানা নকশা ও বৈচিত্র্যে ভরপুর। কয়েকটি কাঠের নৌকা একসঙ্গে জুড়ে তৈরি করা হয় প্রতিটি জাহাজ। পরে বাঁশ, কাঠ, বেত ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয় বিভিন্ন শিল্পকর্ম। কোনো জাহাজে দেখা যায় বুনো হাতি, কোথাও হরিণ কিংবা পঙ্খীরাজ, আবার কোনো জাহাজে ফুটিয়ে তোলা হয় বৌদ্ধবিহারের জাদি।

জাহাজগুলো নদীতে ভাসানোর সময় দুই পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান। অনেকে মুঠোফোনে ধারণ করেন উৎসবের ছবি ও ভিডিও। ঢাকঢোল, গানবাজনা ও বৌদ্ধ কীর্তনের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
এবারের কল্পজাহাজে উৎসবের পাশাপাশি তুলে ধরা হয়েছে রামুর ইতিহাসও। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধবিহার ও বসতিতে হামলার স্মৃতি ফুটিয়ে তোলা হয় জাহাজের শিল্পকর্মে। এর মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা তুলে ধরা হয়েছে বলে জানান আয়োজকেরা।
ধর্মের সীমানা পেরিয়ে সম্প্রীতির উৎসব
কল্পজাহাজ ভাসানোর আয়োজনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় ঐতিহ্য হলেও এতে অংশ নেন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ। স্থানীয়দের পাশাপাশি কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকেরাও উৎসব দেখতে রামুতে ছুটে আসেন।
খাগড়াছড়ি সদর থেকে পরিবারের সদস্যদের নিয়ে উৎসবে যোগ দেন কিং সেন মং। তিনি বলেন, কয়েক বছর ধরে এ উৎসবে আসছেন তিনি। প্রতিবছরই কল্পজাহাজে নতুন কোনো বার্তা তুলে ধরা হয়। আয়োজনটি তাঁর কাছে খুবই উপভোগ্য।
ঢাকা থেকে পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক সমির মল্লিকও কল্পজাহাজ ভাসানোর খবর পেয়ে রামুতে আসেন। তিনি বলেন, এমন ঐতিহ্যবাহী আয়োজন আগে দেখেননি। পুরো আয়োজন দেখে তিনি মুগ্ধ।
স্থানীয় বাসিন্দা জুনায়েদ চৌধুরী বলেন, কল্পজাহাজ ভাসানো বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্য হলেও এখানে সব ধর্মের মানুষের অংশগ্রহণ রয়েছে। ফলে এটি এখন শুধু ধর্মীয় উৎসব নয়, সাম্প্রদায়িক সম্প্রীতিরও বড় আয়োজন।
দুই শত বছরের ঐতিহ্য
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, দীর্ঘদিন ধরে রামুতে কল্পজাহাজ ভাসানোর আয়োজন হয়ে আসছে। প্রায় দুইশ বছর আগে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে এ উৎসবের প্রচলন হয়। পরে তা রামুসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, আড়াই হাজার বছর আগে মহামতি বুদ্ধের মগধ থেকে বৈশালী যাওয়ার স্মৃতির সঙ্গেও এ উৎসবের যোগ রয়েছে বলে জানান তিনি।

ফানুসে ফুটে উঠল বুদ্ধের জীবন
কল্পজাহাজ ভাসানোর আগের দিন সন্ধ্যায় রামু মৈত্রী বিহার ও রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার প্রাঙ্গণে আয়োজন করা হয় ফানুস উৎসব। ফানুসে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় মহামতি বুদ্ধের জন্ম থেকে মহাপরিনির্বাণ পর্যন্ত জীবনের বিভিন্ন অধ্যায় ও তাঁর জীবনদর্শন।
সন্ধ্যার আকাশে একের পর এক ফানুস উড়তে থাকলে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আলোয় আলোকিত হয়ে ওঠে আকাশ, ছড়িয়ে পড়ে উৎসবের আনন্দ।
রামুর বাঁকখালী নদীর পাশাপাশি কক্সবাজার শহরের কবিতা চত্বর সৈকত, সদর উপজেলার চৌফলদণ্ডী, চকরিয়ার হারবাং ও টেকনাফেও কল্পজাহাজ ভাসানোর আয়োজন করা হয়।
আলোচনা সভায় সম্প্রীতির আহ্বান
কল্পজাহাজ ভাসানো উপলক্ষে বিকেলে নদীর চরে আয়োজন করা হয় আলোচনা সভা। উৎসব উদ্যাপন কমিটির সভাপতি বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সভায় স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বিএনপির কেন্দ্রীয় নেতা সুকুমল বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









