মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) সরকারি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন নাম অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগম প্রজ্ঞাপনটি জারি করেন। এতে নাম পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। ফলে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ, প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট কার্যক্রমে এখন থেকে মন্ত্রণালয়ের নতুন বাংলা নাম ব্যবহৃত হবে।
এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো।
নারী ও শিশুদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এ মন্ত্রণালয়। নাম পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের বাংলা নামের ব্যবহার পরিবর্তিত হলেও ইংরেজি নাম আগের মতোই থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









