রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কচুছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ১ হাজার ৭১৯ কেজি দেশীয় রসুন ও একটি চাঁদের গাড়িসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা রসুন ও গাড়ির মোট সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধীন কচুছড়ি চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মাঝিপাড়া-কচুছড়ি সীমান্ত সড়ক ব্যবহার করে একটি চাঁদের গাড়িতে করে বাংলাদেশ থেকে ভারতে রসুন পাচারের চেষ্টার বিষয়ে গোয়েন্দা তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্বর নেতৃত্বে একটি টহল দল কচুছড়ি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। পরে একটি চাঁদের গাড়ি সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ৪৪ বস্তা দেশীয় রসুন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বিনয় চাকমা (২৫), পিতা রঞ্জিত কুমার চাকমা এবং রিপন চাকমা (১৯), পিতা প্রবাত চন্দ্র চাকমা। তাঁরা দুজনই বাঘাইছড়ি উপজেলার ভূইয়াছড়া গ্রামের বাসিন্দা। এ সময় রসুন পরিবহনে ব্যবহৃত চট্টগ্রাম-খ-৩৯৬৩ নম্বরের একটি চাঁদের গাড়িও জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ৪৪ বস্তা রসুন পরিমাপ করে ১ হাজার ৭১৯ কেজি পাওয়া গেছে। রসুন ও গাড়ির মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। আটক দুজনকে জব্দ করা মালামাল ও গাড়িসহ বাঘাইছড়ি থানায় মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









