শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের হাওড়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল শেরপুরের নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় সড়কের পাশে একটি ড্রামট্রাক দাঁড়িয়ে ছিল।
সংঘর্ষে অটোরিকশার যাত্রী জুয়েল ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চার যাত্রী। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চারজনের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় আনার পর ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









