গাজীপুরের কালীগঞ্জে সড়কে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য ও স্থানীয় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত দেড়টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চারখালী এলাকা থেকে মো. মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল।
গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারান পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এবং কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।
ঘটনার রাতে কালীগঞ্জ থানা-পুলিশের সদস্যরা টহল শেষে তিন সন্দেহভাজনকে নিয়ে থানায় ফিরছিলেন। এ সময় রফিকুল ইসলাম মোল্লা পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। অভিযোগ অনুযায়ী, দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ট্রাকটি আটকানোর চেষ্টা করতে গিয়ে আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক শাহ আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ দল অভিযান চালিয়ে চালক মাজহারুলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কালীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাজহারুল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. সৈয়দ গাজীর ছেলে। দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি কনফিডেন্স সিমেন্টের ছিল। এর আগে বুধবার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানা থেকে ট্রাকটি জব্দ করে পুলিশ। এ সময় ট্রাকের হেলপার রাজু শেখকে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। চালককে পিরোজপুর থেকে কালীগঞ্জে আনতে দুই পুলিশ কর্মকর্তা সেখানে গেছেন বলে জানিয়েছেন ওসি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









