পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিয়মিত চেকপোস্ট ডিউতিকালীন সময়ে তাঁদের আটক করে দুমকি থানা পুলিশ।
আটককৃতরা হলেন পটুয়াখালী সদর উপজেলার চর মৌশাদি গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাকিব হাওলাদার (২৪) এবং একই গ্রামের দেলোয়ার শিকদারের ছেলে সিদ্দিক শিকদার (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিলেন। এ সময় ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁদের থামিয়ে শরীর তল্লাশি করে। তল্লাশিকালে তাঁদের কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









