বগুড়ার সারিয়াকান্দিতে বিধিবহির্ভূতভাবে সার বিক্রির দায়ে মেসার্স সিরাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী আশেকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালী ব্রিজের পূর্ব পাশে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আশেকুল ইসলাম (৫৫) উপজেলার রামনগর পশ্চিমপাড়া এলাকার মৃত সিরাজ প্রামাণিকের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি বিভাগের নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে বিধিবহির্ভূতভাবে সার বিক্রির বিষয়টি শনাক্ত হয়। পরে বৃহস্পতিবার বিকেল সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ব্যবসায়ী আশেকুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আপেল মাহমুদের প্রসিকিউশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, কৃষি বিভাগের মনিটরিংয়ের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে সার বিক্রির বিষয়টি অবগত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষি উপকরণ বিক্রিতে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নজরদারি রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যথাযথ নিয়মে বিক্রি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









