ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেন ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে তাঁর হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সোমবার সকালে স্থানীয় লোকজন বিলের পাশের একটি ধানখেতে তাঁকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম বাদশা মিয়া জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে এর আগেই পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করলেও কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তদন্তপূর্বক খোঁজখবর রাখছি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









