নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে মো. জসিম উদ্দিন (২৫) নামে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি গাড়ির ব্যাটারি জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া ও সোহাগী বাজারসংলগ্ন বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে সংশ্লিষ্ট আইনে জসিম উদ্দিনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন নাটোরের নন, তিনি পাশের আত্রাই উপজেলার ধুলাউড়ি গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে। এ ছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত গাড়ির একটি ব্যাটারি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, কৃষিজমি, বিশেষ করে তিন ফসলি জমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









