ঢাকার আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের তৃতীয় দিনেও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সোমবার (২ নভেম্বর) সকালে আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সোমবার সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে কয়েকজন ব্যক্তি সড়ক অবরোধ করে একটি কাভার্ড ভ্যানে আগুন দেন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে অগ্নিসংযোগকারীরা শ্রমিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ঢাকা জেলা শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে, আন্দোলনকারীদের মধ্যে দুষ্কৃতকারীরা প্রবেশ করে থাকতে পারে। আমরা এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছি।’
এদিকে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, ‘আশপাশের দেশের ইন্ধনে ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলনের নামে গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আশুলিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









