দিনাজপুরের প্রথম শ্রেণির বিরামপুর পৌরসভার নাগরিক দুর্ভোগ নিরসন, যানজট নিয়ন্ত্রণ ও শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছা. তানজিনা খাতুনের হাতে এ স্মারকলিপি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের সদস্যসচিব মাহমুদুল হক মানিক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক ভিপি গোলাম মোর্শেদ সৈকত, সাংবাদিক নজরুল ইসলাম, হাফিজ উদ্দিন সরকার, মোবারক আলী, ফরিদ হোসেন, মানিক চৌধুরী, মাজহারুল ইসলাম তানিম, আজহার ইমামসহ অন্যরা।
স্মারকলিপিতে শহরের উভয় পাশ ও ঢাকামোড় এলাকায় অটোরিকশা, মিশুক, টেম্পু, ভ্যান ও বাসের অবৈধ স্ট্যান্ড অপসারণের দাবি জানানো হয়। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথে যানজট নিরসন করে রোগী পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করা, অটোরিকশার ভাড়া নির্ধারণ, শব্দদূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন স্থাপন এবং সপ্তাহে দুই দিন পৌর কার্যালয়ে প্রশাসকের কার্যক্রম পরিচালনার দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপি গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছা. তানজিনা খাতুন বলেন, অচিরেই ঢাকামোড় ও হাসপাতাল মোড় এলাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









