সাবেক বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ফের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং কয়েকটি বিষয়ে নীরব ছিলেন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
এর আগে গত ৩১ অক্টোবর আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে দীপ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও তদন্তের স্বার্থে সেগুলো যাচাই করা হচ্ছে। পাশাপাশি তিনি কৌশলী আচরণ করেছেন এবং একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।
পুলিশের আবেদনে দীপের দেওয়া বক্তব্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তিনি তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তারা দুজন এবং মামলার আরেক আসামি এক তরুণী বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। একপর্যায়ে ওই তরুণী বাসায় ফিরে যান। পরদিন রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। পরে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে কয়েকজন লোককে দেখে তারা আলাদা হয়ে যান বলে দীপ জানিয়েছেন।
পুনরায় রিমান্ড আবেদনে আটটি কারণ তুলে ধরেছে পুলিশ। এর মধ্যে রয়েছে সিসিটিভি ফুটেজ যাচাই, নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থানকালে ১৫ থেকে ২০ মিনিটের জন্য অন্যত্র গিয়ে কার সঙ্গে যোগাযোগ করেছিলেন তা শনাক্ত করা এবং সংশ্লিষ্টদের মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ।
এ ছাড়া হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতার, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার, হত্যার উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ এবং ঘটনাস্থল নিশ্চিত করার বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় ৩১ অক্টোবর নিহতের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে তাহসিফের বন্ধু দীপকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে নৌ-পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









