কুষ্টিয়া সদর উপজেলায় পরিবেশ আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় স্কেভেটর দিয়ে ‘মেসার্স ফাইভ স্টার ব্রিকস’ নামের ইটভাটার কিলন ও চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ভাটাটির সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে চলতি ইটভাটা মৌসুমের চতুর্থ দফার এ অভিযান পরিচালিত হয়। কুষ্টিয়া সদর উপজেলার কীর্তিনগর ও ইমানপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে পরিচালিত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. জাকিউল আলম।
এ সময় প্রধান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করে কুষ্টিয়া পুলিশ, এসআরবি-১২ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটা উচ্ছেদে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









